ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী সাধারণ সম্পাদককে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদককে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের নতুন কমিটি হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কৃষক লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ নতুন সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং নতুন সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজার নাম ঘোষণা করেন।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে পাশে রেখে সংগঠনটির বিদায়ী সভাপতি মীর্জা আব্দুল জলিল কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, “নতুন কমিটির বিষয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না। এটা ছেড়ে দিলাম নেত্রীর ওপর। উনি যাকে ঠিক করে দেবেন, তার সঙ্গে মিলে মিশে কাজ করব।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সন্ধ্যায় হানিফ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
হানিফ সোয়া ৬টার দিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে নয় বছর পর আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনে নেতৃত্বের পরিবর্তন এল।
২০০৩ সালে ২৯ জুলাই কৃষক লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়। ওই সম্মেলনে মীর্জা আব্দুল জলিল সভাপতি ও মোতাহার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কৃষক লীগের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠনের সম্মেলন হয়। গত ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের, ১৪ জুলাই যুবলীগের এবং ১৭ জুলাই জাতীয় শ্রমিক লীগের সম্মেলন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০০ ঘ.
bdnews24