ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের মধ্যে দুটি সেতু নির্মাণের ঘোষণা দিয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “তারা নাকি দুইটা পদ্মা ব্রিজ করবে? ভাওতাবাজি আর ধোঁকাবাজির একটা সীমা থাকে।”
বৃহস্পতিবার সহযোগী সংগঠন কৃষক লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী একথা বলেন।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন স্থগিতের পর গত জুনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষণা দেন, তারা ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করবেন।
বিশ্ব ব্যাাংক অর্থায়ন বাতিলের পর এ নিয়ে সরকারের সমালোচনার পাশাপাশি দুটি পদ্মা সেতু নির্মাণের কথাও বলছেন বিএনপি নেতারা।
পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, “জমি অধিগ্রহণ শেষ হয়েছে। সেখানে বিশ্ব ব্যাংক কোনো দুর্নীতি পায়নি। আর, যেখানে বিশ্ব ব্যাংক এক টাকাও ছাড় দেয়নি, যে টাকা পাওয়া যায়নি, সেখানে দুর্নীতি কীভাবে হয়?”
“কী উদ্দেশ্যে এটা করা হয়েছে, সেটাই বড় প্রশ্ন,” যোগ করেন তিনি।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে সরকার। তাতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়েছেন শেখ হাসিনা।
পদ্মা প্রকল্পে ‘দুর্নীতি’ নিয়ে সমালোচনামুখর বিএনপি নেতাদের ‘দুর্নীতির’র বিচার করা হবে বলেও জানান তিনি।
“তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি কখনো চাপা থাকে না। এই দুর্নীতিবাজদের বিচার বাংলার মাটিতেই করব,” বলেন প্রধানমন্ত্রী।
বিএনপি নেতা মওদুদ আহমদের নাম উল্লেখ না করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “এক সময় আওয়ামী লীগ করতেন, তারপর বিএনপিতে গেলেন। দুর্নীতির দায়ে সাজা হল, রাষ্ট্রপতির হাতে পায়ে ধরে ক্ষমা পেয়ে রাজনীতিতে এলেন।
“জাতীয় পার্টির পতনের পর আবার বিএনপিতে গেলেন। এখন তাকিয়ে আছেন- আগামীতে কে ক্ষমতায় আসে। তাদের মুখ থেকে আবার দুর্নীতির কথা শুনতে হয়!”
“তিনি আবার পদ্মা সেতু নিয়ে উক্তি করেন। উনারা হলেন ফ্রি আংটি। যখন যার আঙ্গুলে, তখন তার।”
বিএনপির আরেক নেতা এম কে আনোয়ারের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “দুর্নীতির মামলায় আরেকজনের চাকরি গিয়েছিল। তোফায়েল সাহেবকে ধরে চাকরি ফিরে পেয়েছিলেন।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে দুপুরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবার বলেন, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচন করবে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সংসদীয় গণতন্ত্র যেখানে আছে, সেখানে যেভাবে নির্বাচন হয়- বাংলাদেশের সেভাবেই নির্বাচন হবে।”
বর্তমান সরকারের সময়ে সংসদের উপনির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনসহ পাঁচ হাজারের ওপর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের ওপর সরকারের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ হয়নি। কোথাও একটা গণ্ডগোল হয়নি।”
“এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন, জনগণের ভোটের ও সাংবিধানিক অধিকারে বিশ্বাস করে,” বলেন তিনি।
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে বাংলাদেশের দূতাবাসে কে চাকরি দিয়েছিল? এই প্রশ্ন আমি করব বিরোধীদলীয় নেতাকে।”
“বিএনপি-জামাত জনগণের কল্যাণ নয়। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে,” যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, “যারা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে, জনগণ তাদের ভোট দেবে না। জনগণ শান্তি চায়। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করেছি। ওটা আবার চালু হোক, জনগণ তা চায় না।”
তৃণমূল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে কৃষক লীগ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “কৃষকের সমস্যা চিহ্নিত করতে হবে। কৃষকের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে কিনা- তা নিশ্চিত করতে হবে।”
কৃষক লীগের সম্মেলনে বিশেষ অতিথি সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন বলেন, “চাষীদের উন্নয়ন বাদ দিয়ে শিল্পের উন্নয়ন সম্ভব নয়।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিল উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, “দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির বিষয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না। এটা ছেড়ে দিলাম নেত্রীর ওপর। উনি যাকে ঠিক করে দেবেন, তার সঙ্গে মিলে মিশে কাজ করব।”
স্বাগত বক্তব্যে কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে, সম্মেলনস্থলে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের সঙ্গে শেখ হাসিনা জাতীয় পতাকা এবং মির্জা আব্দুল জলিল দলীয় পতাকা উত্তোলন করেন।
কৃষক লীগের সাংগঠনিক জেলার সভাপতিরা নিজ নিজ জেলার পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করেন।
শেখ হাসিনা বেলুন ও পায়রা উড়িয়ে কৃষক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মির্জা আব্দুল জলিল ও মোতাহার হোসেন মোল্লা আওয়ামী লীগ সভনেত্রীর হাতে সম্মেলনের ক্রেস্ট তুলে দেন। এছাড়াও কৃষক লীগের প্রকাশনা ‘কৃষকের কণ্ঠ’ শেখ হাসিনাকে দেওয়া হয়।
মির্জা আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের দপ্তর সম্পাদক গৌতম ব্যানার্জি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১৬ ঘ.
bdnews24