২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গোলাম আজম

শারীরিক অসুস্থতার জন্য একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারীরিক অসুস্থতার জন্য একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ মামলার শুনানি চলাকালে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। একাত্তরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও ধর্মান্তরকরণের মতো মানবতাবিরোধী অপরাধে উস্কানি, ষড়যন্ত্র ও পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার জন্য গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ১১ জানুয়ারি গোলাম আযমকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কারা হেফাজতে রয়েছেন তিনি। এদিন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর আরেক নেতা মীর কাশেম আলীর জন্য ডিভিসন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদন করেন। আগামী রোববার এ বিষয়ে আদেশের দিন রেখেছে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। আগামী ২৬ অগাস্ট এ মামলায় মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন রেখেছে ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/আরআরডি/এএইচ/১৬৫২ ঘ.