ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে আগামী ২৬ অগাস্ট।
প্রসিকিউটররা বৃহস্পতিবার সূচনা বক্তব্য উপস্থাপন করার পর এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ঠিক করে দেন।
২৯ পৃষ্ঠার সূচনা বক্তব্যে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও মীর ইকবাল হোসেন আসামির বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরেন।
মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবির সাক্ষ্য শুরুর জন্য সময় চাইলে আদালত ২৬ আগস্ট তারিখ নির্ধারণ করেন।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ৭ ঘটনায় গত ২১ জুন মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আরে আগে ২০১০ সালের ২ অগাস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই জামায়াত নেতাকে।
তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৪৪৪ ঘ.
bdnews24