২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ বারের নিয়ন্ত্রণ নিল বিএনপি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থকরা। গত বছর দুটি পদে বিএনপি সমর্থকরা বিজয়ী হলেও এবার সমিতির ১৭ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই জয় পেয়েছে তারা। আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শেষে বুধবার ভোর ৪টার দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ৭৮৩ জন ভোটারের মধ্যে ৭৪৩ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহবুবুর রহমান মাসুম সাংবাদিকদের জানান, বিএনপি সমর্থিত জাতীয়তবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ছয়টি পদে জয়ী হয়েছে। গত বছরের নির্বাচনে সিনিয়র সহসভাপতি ও একটি সদস্য পদ ছাড়া সব পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছিল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে আব্দুল বারী ভূইয়া (৪২৫), সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন (৩৯৫), সহ-সভাপতি পদে রেজাউল করিম খান রেজা (৩৬৪), আপ্যায়ন ও সমাজ সেবা সম্পাদক পদে মঞ্জুরুল হক খান (৩৭৯), পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ শাহজাদা (৪১৯), সদস্য পদে জিল্লুর রহমান মুকুল (৩৫৪), নূরুল আমিন মাসুম (৪৩৪), মোহাম্মদ সালাউদ্দিন ভূইয়া সবুজ (৩৫৯), আশরাফুল আলম সিরাজী রাসেল (৩৯৯), মোহাম্মদ আলী (৩৭০) ও নুরুন্নাহার সীমা (৪২৬)। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের বিজয়ীরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে একে ফজলুল হক (৩৭০), যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান ফেরদৌস জুয়েল (৩৭৯), কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন (৩৬১), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহবুবুর রহমান (৪১৭), সদস্য পদে ফাহমিদা জান্নাত সিমি (৪৫১) ও মামুন সিরাজুল মজিদ (৩৫৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০০ঘ.