২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আজমের জামিন আবেদন নাকচ

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়েত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের জামিন আবেদন আবারো নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়েত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের জামিন আবেদন আবারো নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এই আদেশ দেন। আসন্ন রোজায় জামায়াতে তারাবির নামাজ পড়া ও এতেকাফ করার জন্য মঙ্গলবার ট্রাইব্যুনালে এই জামিনের আবেদন করেন জামায়েত ইসলামীর সাবেক এ আমির। জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার রাজ্জাক বলেন, ১৯৯৮ সাল ছাড়া গত ৩০ বছর ধরে গোলাম আযম রমজান মাসে তারাবি নামাজ মসজিদে জামায়াতে আদায় করেছেন। গত ১০ বছর তিনি রমজান মাসে মসজিদে ইতেকাফে বসে কাটিয়েছেন। “তিনি (গোলাম আযম) মনে করেন, এটাই তার জীবনের শেষ বছর। কারাগারে থেকে জামায়াতে নামাজ পড়া বা মসজিদে ইতেকাফ করা সম্ভব নয়।” জামিনে মুক্তির জন্য যে কোনো শর্ত পালনেও গোলাম আযম রাজি বলে জানান তার আইনজীবী। ওই আবেদনের বিরোধিতা করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “অনেক ধর্মপ্রাণ মানুষ নৃশংসতার কারণে ১৯৭১ সালে তাদের ধর্ম পালন করতে পারেনি। তারা এখনো তা ভুলতে পারেননি।” বিচারের এ পর্যায়ে সাক্ষীরা যখন প্রমাণ উপস্থাপন করছেন তখন গোলাম আযমকে জামিন দেওয়ারও কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আযম গত ১১ জানুয়ারি থেকে কারা হেফাজতে রয়েছেন। ১৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমডি/জেকে/১৪৩৪ ঘ.