ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম আবারও বাড়ানো হলে এর বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার এক প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার বিদ্যুতের দাম আবারো বৃদ্ধির পাঁয়তারা করছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সরকারের লোকজন হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে।
“আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব”, যোগ করেন তিনি।
সোমবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। ভর্তুকি কমানোর লক্ষ্যে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য গত জুন মাসের শেষ দিকে বিইআরসিতে প্রস্তাব দেয় পিডিবি।
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম প্রতি ইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এ দাম কার্যকর হয়।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরোধিতা করে মোশাররফ হোসেন বলেন, সরকারের ভ্রান্তনীতির কারণে সাড়ে তিন বছরে বিদ্যুৎ জনগণের কাছে পৌঁছায়নি। লোডশেডিং বেড়েই চলেছে।
তার অভিযোগ, সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে মোটা অংকের ভুর্তকি দিচ্ছে, কিন্তু বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারছে না।
তিন মাস আগে নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ‘স্বাধীনতা ফোরাম’ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই প্রতীকী অনশন করে।
পরে নেতা-কর্মীদের শরবত খাইয়ে অনশন ভাঙান খন্দকার মোশাররফ।
‘
পদ্মা সেতুর দুর্নীতি’
পদ্মাসেতু প্রকল্পে সরকারের দুর্নীতি আড়াল করতে নিজস্ব অর্থায়নের নামে সরকার চাঁদাবাজিকে ‘প্রাতিষ্ঠানিকতা’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী মোশাররফ।
তিনি বলেন, “ছেলে-মেয়েদের টিফিনের টাকা কিংবা এক মাসের বেতন দিয়ে পদ্মাসেতু হবে না। সরকার নিজের দুর্নীতি আড়াল করতেই নিজস্ব অর্থায়নের ধোঁয়া তুলেছে। তাই তাদের বলতে চাই- আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। এটা বন্ধ করুন।”
বিএনপি সরকার গঠন করলে বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মাসেতু করবে মন্তব্য করে মোশাররফ বলেন, একই সঙ্গে বর্তমান সরকারের আমলে সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ‘যথাযথ’ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহর সভাপতিত্বে অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম দোলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24