ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের সঙ্গে মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বন্তব্য দিয়েছেন- তাকে অনাকাঙ্খিত বলেছে বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্বশীল পদে থেকে এ রকম মন্তব্য করা উচিৎ নয়।”
“তিনি স্বভাবসুলভভাবে এ রকম কথা বলেন। অধ্যাপক ইউনূসের কারণে বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা ঋণচুক্তি বাতিল করছে- এটা সঠিক নয়”, যোগ করেন তিনি।
শরীয়তপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফখরুল সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ইংগিত দেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের ‘প্রভাব’ কাজ করে থাকতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, “কোনো ব্যক্তি বিশেষের জন্য, কোনো এক ব্যাংকের এমডি পদের জন্য বিশ্ব ব্যাংক টাকা বন্ধ করে দেবে- এ কথা আমার কানে এসেছিল। অনেকেই আমাকে এ কথা বলেছিল।”
শেখ হাসিনার ওই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “নোবেল বিজয়ী ইউনূস আমাদের দেশের গর্ব। তিনি সম্মানিত ব্যক্তি। তার সম্পর্কে প্রধানমন্ত্রীসহ সরকারের কোনো কোনো মন্ত্রী যেভাবে মন্তব্য করে চলেছেন, তা অনিভপ্রেত।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে সরকারের ‘রাঘব বোয়ালরা’ জড়িয়ে পড়েছে। এ কারণেই বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেছে।
“সেজন্য জনগণের দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নিতে এখন তারা নিজস্ব অর্থায়নের নাম করে চ্যারিটেবল ফান্ড এর মতো টাকা সংগ্রহ শুরু করেছে”, বলেন ফখরুল।
এভাবে এতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব না- এমন মন্তব্য করে তিনি বলেন, “সরকারকে বলব, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলাপ করে সমাধানের উদ্যোগ নিন।”
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ফখরুল বলেন, “বিএনপিসহ ১৮ দলীয় জোট দেশে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছে। আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছি। তাই এ মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণ করে চলমান আন্দোলনকে বিতর্কিত করতে চাই না।”
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর সময় শরীয়তপুর বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক এ কে এম নাসির উদ্দিন কালুসহ নেতা-কর্মীরা ফখরুলের সঙ্গে ছিলেন।
কবরে ফুল দেওয়ার পর তারা প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩২২ ঘ.
bdnews24