শহীদুল ইসলাম ও এস এম নাদিম মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা/রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সংঘর্ষ এবং তাদের অভ্যন্তরীণ কোন্দলে ২৬ শিক্ষার্থীসহ ২৯ জন নিহত হয়েছেন।
এদের মধ্যে ১৫ জন ইসলামি ছাত্র শিবিরের, পাঁচ জন বাংলাদেশ ছাত্রলীগের, চার জন ছাত্রদলের, দুই জন ছাত্র মৈত্রীর ও এক জন ছাত্র ইউনিয়নের সদস্য এবং এক জন রিক্সা চালক।
প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলা, অভ্যন্তরীণ কোন্দল এবং টেন্ডারবাজি ঘিরে এসব সংষর্ঘ ও হত্যার ঘটনা ঘটে। কিন্তু এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি।
সর্বশেষ সোমবার দুপুরে নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল। আগের দিন দলীয় কর্মীদেও সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে ২০১০ সালের ১৫ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ নাসিম নয় দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে বছর ৮ ফেব্র“য়ারি শিবিরের হামলায় নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন। এর আগের বছর ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রশিবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী।
২০০৪ সালের জানুয়ারিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটের সামনে ছাত্রদলের হামলায় নিহত হন শিবিরকর্মী সাইফুদ্দিন।
১৯৯৬ সালের ৬ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিবিরকর্মীরা কুপিয়ে হত্যা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানকে।
১৯৯৫ সালের ১৩ ফেব্র“য়ারি শিবির কর্মীরা ঢাকা-রাজশাহীগামী একটি বাস থেকে নামিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছাত্র মৈত্রীর নেতা দেবাশীষ ভট্টাচার্য রূপমকে।
১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর শিবির কর্মীদের হাতে খুন হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর নেতা জুবায়ের হোসেন রিমু।
১৯৯৩ সালের ৬ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল দখল কেন্দ্র করে শিবিরের হামলায় নিহত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী বিশ্বজিৎ ও নতুন। শিবিরের ওই হামলায় গুরুতর আহত ছাত্র ইউনিয়ন কর্মী তপন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৯৯২ সালের ১৭ মার্চ শিবিরের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাসদ ছাত্রলীগের কর্মী ইয়াসির আরাফাত। সংঘর্ষে ১৯৮৯ সালের ১৮ এপ্রিল মারা যান শফিকুল ইসলাম।
১৯৮৮ সালের ১৭ নভেম্বর ছাত্র সংঘর্ষে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলাম হোসেন। এই ঘটনার জের ধরে পরদিন ১৮ নভেম্বর ছাত্র সংঘর্ষে নিহত হন আজগর আলী।
১৯৮২ সালের ১১ মার্চ শিবির ক্যাম্পাসে অন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংঘর্ষে শিবিরের চারজন কর্মী এবং শিবিরের হামলায় মারা যান ছাত্রলীগের নেতা মীর মোশতাক এলাহী।
এছাড়া ছাত্রসংগ্রাম পরিষদের সঙ্গে শিবিরের সংঘর্ষে ১৯৯০ সালের ২২ জুন খলিলুর রহমান, ১৯৯২ সালের ৭ মে আজিবর রহমান, ১৯৯৩ সালের ১৭ জানুয়ারি মুহাম্মদ ইয়াহিয়া, ৬ ফেব্র“য়ারি মুস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম, ১৯৯৫ সালের ১২ ফেব্র“য়ারি ইসমাইল হোসেন নিহত হন।
২০০৮ সালের ২২ অগাস্ট সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন এক রিকশা চালক। এছাড়া দুটি পৃথক ছাত্র সংঘর্ষের ঘটনায় দুই জন বহিরাগত নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/প্রতিনিধি/এএইচ/২২৫০ ঘ.
bdnews24