ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংস্কারপন্থীদের সঙ্গে ছিলেন জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তিনিই বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছেন।
সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম সম্পর্কে মতিয়া বলেন, “ফখরুল ইসলামই বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছেন। কারণ এক/এগারোর পরে তিনি মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন।”
“কখন দল ভাঙবেন তাও আপনি (ফখরুল) ভালো করেই জানেন। তাই এ ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করবেন না,” বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হন। দিবসটি উপলক্ষ্যে মহানগর নাট্যমঞ্চে ‘অবরুদ্ধ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মতিয়া।
ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ওই আলোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পদ্মা সেতু করা হবে। তিনি এ ব্যাপারে সংসদে রূপরেখাও ঘোষণা করেছেন।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-উল হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২৩০৭ ঘ.
bdnews24