ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রোজায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক সোমবার দুপুরে দলীয় কর্মীদের নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সৈয়দ আশরাফ সে সময় দপ্তরে না থাকায় তার পক্ষে পত্রটি গ্রহণ করেন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা।
আগামী ২৩ জুলাই রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য এই ইফতারের আয়োজন করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র চর্চার অংশ হিসেবে এ আমন্ত্রণ জানানো হয়েছে। একজন শীর্ষ নেতা হিসেবে স্থানীয় সরকার মন্ত্রীকে দিয়েই আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।”
পর্যায়ক্রমে মন্ত্রিসভার সব সদস্যকেই দাওয়াত পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৫০ ঘ.
bdnews24