ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটকে নিয়ে সরকার এককভাবে নির্বাচন করার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
সোমবার দুপুরে এক প্রতিকী অনশন কর্মসূচিতে তিনি বলেন, “আওয়ামী লীগ তার বন্ধু এরশাদকে নিয়ে এককভাবে নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।”
জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে জাতীয়তাবাদী বন্ধুদলের উদ্যোগে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই প্রতীকী অনশন হয়। সকাল ১০টা থেকে তিন ঘণ্টা অনশন করে সংগঠনের নেতা-কর্মীরা।
জয়নুল আবদিন ফারুক বলেন, “১৯৭৩ সালের স্টাইলে বর্তমান সরকার একটি নির্বাচন করার ষড়যন্ত্র করছে। স্বৈরাচার এরশাদকে নিয়ে তারা এই নির্বাচন করতে চায়। অতীতে এরশাদও গৃহপালিত বিরোধী দল নিয়ে এককভাবে নির্বাচন করেছিল।”
পদ্ম সেতুর দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবার জড়িত আছে মন্তব্য করে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “সরকার যদি দুর্নীতির সঙ্গে জড়িত না হয়ে থাকে তাহলে কেনো বিশ্ব ব্যাংকের চিঠি জনসমক্ষে প্রকাশ করছে না।”
সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে প্রতিকী অনশনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪১৪ ঘ.
bdnews24