২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের পর দুর্বার আন্দোলন: বিএনপি

নির্দলীয় সরকারের দাবিতে রমজানের পর দুর্বার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের দাবিতে রমজানের পর দুর্বার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার বিকেলে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে বিক্ষোভ সমাবেশে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এটা আমাদের ঘোষিত শেষ কর্মসূচি। আজকে আমাদের শপথ হোক, রমজানের পর নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারের বিরুদ্ধে নতুন করে দুর্বার আন্দোলন গড়ে তুলব। ওই আন্দোলনে তাদেরকে দাবি মানতে বাধ্য করা হবে।” নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে নির্দলীয় সরকারের দাবি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ, সার-কীটনাশকের দাম বাড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। গত ১১ জুন নয়া পল্টনের গণসমাবেশ থেকে খালেদা জিয়া যেসব কর্মসূচি দিয়েছিলেন রোববার ছিল তার শেষ দিন। সাড়ে তিন বছরে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, “তারা অনেক লম্বা লম্বা কথা বলেছিলো। এখন সাড়ে তিন বছরে সব কিছুর দাম তিন/চারগুণ বেড়ে গেছে। মানুষ দুর্বিসহ দিন কাটাচ্ছে।” দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার উদ্যোগের সমালোচনাও করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,“দুদক সরকারের তল্পিবাহক সংস্থায় পরিণত হয়েছে।” মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া বক্তব্য দেন ১৮ দলীয় জোট নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২২০৩ ঘ.