ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দুর্নীতির কারণে বিভিন্ন খাতে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করেছিল বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন, তার প্রমাণ চেয়েছেন জয়নুল আবদিন ফারুক।
রোববার দুপুরে প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে ফারুক বলেন, “প্রধানমন্ত্রী গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপির আমলে দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করেছে।
“আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, তা-ই যদি সত্যি হয়, এ সংক্রান্ত বিশ্ব ব্যাংকের চিঠি জনসমক্ষে প্রকাশ করুন।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক সরকারকে যে চিঠি দিয়েছে সেগুলোও প্রকাশ করার দাবি তোলেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক।
তিনি বলেন, “সরকারের কাছে আমরা দাবি করেছি, আপনারা যদি দুর্নীতি না করে থাকেন তাহলে বিশ্ব ব্যাংকের দেওয়া দুটি চিঠি প্রকাশ করুন।
“কিন্তু সরকার ওই চিঠি প্রকাশ করছে না। কারণ তাহলে থলের বিড়াল বেরিয়ে যাবে।”
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গত ২৯ জুন এই প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক।
বিএনপির ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব ব্যাংক কর্তৃক ঋণচুক্তি প্রত্যাহার পদ্মা সেতুর দুর্নীতির নাগরিক চিন্তা’ শিরোনামে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ফারুক।
কর্মসূচিতে অন্যদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক মহিলা সাংসদ হেলেন জেরিন খান, হৃদয় বাংলাদেশের সভাপতি মো. হানিফ, জাতীয় গণতান্ত্রিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24