২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতৃত্বের জন্য তৈরি হতে হবে শৈশবেই’

স্কুল থেকেই শিশুদের নেতৃত্বের গুণ অর্জনের সুযোগ করে দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল থেকেই শিশুদের নেতৃত্বের গুণ অর্জনের সুযোগ করে দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিশু বয়স থেকেই নেতৃত্বের গুণাবলী অর্জন করার লক্ষ্যে এ কাউন্সিল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।” অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের সুন্দরভাবে গড়ে উঠতে হবে। তোমাদের মধ্যে থেকেই অনেকে নেতৃত্বে আসবে। অনেকে আমার মতো প্রধানমন্ত্রী হবে। আবার অনেকে মন্ত্রী হবে।” এ বিষয়ে শিক্ষকদের আরো যতœবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাও কম নয়। স্টুডেন্টস কাউন্সিলের মাধ্যমে জয়-পরাজয় মেনে নেওয়ার অভ্যাস তৈরি হবে।” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মূল্যবোধকে জাগ্রত করতে চাই। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।” প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণেও আগ্রহী হয়, সেজন্য শিক্ষকদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “স্কুলের পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ ও পানির অপচয়ের দিকে তোমাদের নজর দিতে হবে।” পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল ছড়িয়ে দেওয়ার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, “আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল ছিল, এখন নেই।” তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। আমাদের শিখতে সময় লাগে। কিন্তু শিশুদের সময় লাগে না। আমার আড়াই বছরের নাতি এখনই কম্পিউটার টিপতে পারে। আই প্যাডে টিপ দিয়ে নিজের খেলাটা বের করতে পারে।” শিশুদের গণতান্ত্রিক মূল্যবোধ শেখানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “মনে হচ্ছে, গণতন্ত্রের বীজটা সঠিক জায়গায় বপণ করে দিয়েছি। যা ভবিষ্যতে সঠিক নেতৃত্ব গড়ে তুলবে।” ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ বঙ্গবন্ধুর এই কথাটি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “সোনার ছেলে-মেয়েরা এখানেই উপস্থিত।” প্রধানমন্ত্রী দক্ষ শিক্ষক তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কোচিং-বাণিজ্য বন্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয় লাল, সবুজ, নীল, হলুদ, বেগুনী, কমলাসহ বিভিন্ন রঙের জামা ও টুপি পড়ে। ২০১০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠনের কাজ শুরু হয়। প্রথম বছরে ১০০টি, দ্বিতীয় বছরে ৭৪৩টি এবং চলতি বছর ১৩ হাজার ৫৮৩টি স্কুলে স্টুডেন্টস কাউন্সিল গঠিত হয়। পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই কাউন্সিল গঠন করার পরিকল্পনা রয়েছে সরকারের। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সিল সভার কার্যক্রম দেখেন। পরে তিনি মঞ্চে উঠে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে ছবি তোলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং প্রযুক্তি ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৪৪০ ঘ.