রংপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুভেচ্ছা গ্রহণ না করায় রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষের প্রাণনাশ এবং কলেজ অচল করার হুমকি দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
শনিবার এ ঘটনার পর অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো. মোখছেদ আলী কয়েকজন শিবিরকর্মীর নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।
এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অধ্যাপক শাহ্ মো. মোখছেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শিবিরের কলেজ শাখা সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক আরিফুল রহমান আরিফের নেতৃত্বে শতাধিক শিবির সমর্থক সদ্য যোগদান করায় তাকে (অধ্যক্ষ) ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যায়।
কিন্তু অধ্যক্ষ দলীয় পরিচয়ে ফুল গ্রহণ করতে অস্বীকার করলে কথা কাটাকটির এক পর্যায়ে তারা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দেয়।
এ সময় এক নেতা বলেন, “আপনি কিভাবে কলেজ শান্তিপূর্ণভাবে চলান আমরা দেখে নেব। প্রয়োজনে কলেজ বন্ধ করে দেব।”
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তিনি অধ্যক্ষের একটি অভিযোগ পেয়েছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24