ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় কামরাঙ্গীরচর বড়গ্রামে হরতাল সমর্থনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় কয়েকজন আহত হন।
দুপুরে বৃষ্টি শুরু হলে হরতালের আমেজ কিছুটা ভাটা পড়ে। এসময় বিভিন্ন অলিগতিতে রিকশা চলছেও কোন কোন এলাকায় দোকানপাট বন্ধ ছিল।
কামরাঙ্গীর চর থানার বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে খোলমোড়া ঘাটের এমপি টিপু-৩ লঞ্চ থেকে থানার বিএনপির সদস্য সচিব মো. নাঈমসহ মোট ১৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের কাছে মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদব্য পাওয়া যায় বলে পুলিশ তাদেরকে জানিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, এটি সাজানো হয়েছে। বিএনপির নেতাকর্মী ঘায়েল করতে এ পন্থা অবলম্বন করেছে পুলিশ।
“ছেলেরা বনভোজনে যাচ্ছে। তখন কারো কারো কাছে বিয়ার থাকার সম্ভবনা থাকতে পারে।”
রফিক অভিযোগ করে বলেন, গত সপ্তাহে আওয়ামী লীগের নেতাকর্মীরা বনভোজনে গিয়েছিলো কিন্তু তখনতো ওই লঞ্চে অভিযান চালায়নি পুলিশ।
হরতালে তাদের ৬ নম্বর ওয়ার্ডের হুজুরপাড়া থেকে ওমর আলী নামে ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
কামরাঙ্গীরচর থানার ওসি একেএম নাসির উল্লাহ জানান, সকালে বড়গ্রামে পুলিশের সঙ্গে সেচ্ছাসেবকদলের ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও সারাদিন যান চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা ছিলো।
তিনি বলেন, শুক্রবার সকালে একটি লঞ্চে অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিয়ার, ০৮ বোতল মদ, ৪৫০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম হেরোইনসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
“এই ১৮ জন বিএনপি করেন নাকি আওয়ামী লীগ করেন তাতো আমার জানার বিষয় নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২৩৬ ঘ.
bdnews24