২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি আমলে ৭ প্রকল্পে ঋণ বাতিল হয়েছিল’

পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের পর বিরোধী দলের সমালোচনার জবাবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল হওয়ার নজির তুলে ধরেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের পর বিরোধী দলের সমালোচনার জবাবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল হওয়ার নজির তুলে ধরেছেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, “চারদলীয় জোট সরকারের সময় বিশ্ব ব্যাংক সাতটি প্রকল্পের ঋণ বাতিল করেছিল। এরপর ২০০৫ সাল থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে আর এক টাকাও ঋণ দেয়নি।” শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে মেরিন ফিশারিজ একাডেমির প্রাক্তন ক্যাডেটদের এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করেছে। এই জন্য সরকারকে পুরোপুরি দায়ী করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারও বলেছেন, “দেশের মানুষ জানে, কেন বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেছে। বর্তমান সরকার চুরি করতে গিয়ে ধরা পড়েছে।” শাজাহান খান বলেন, “পদ্মা সেতু নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠেছে। এ অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করেছে। আর বিএনপি তাদের কাছে (বিশ্ব ব্যাংক) মাফ চাইতে বলছে। “বাংলার মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। কারো কাছে নাথা নত না করেই দেশ সমুদ্র বিজয় করেছে। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হবে।” বিশ্ব ব্যাংকের অভিযোগ শুরু থেকে প্রত্যাখ্যান করে আসা সরকার ঋণচুক্তি বাতিলের পর দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে। নৌমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত জাতিকে আহত করেছে।” মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন সচিব মো. আব্দুল মান্নান হাওলাদার। সংগঠনের সভাপতি কাজী মো. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন হেলালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/১৭০৫ ঘ.