২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশন বাস্তাবায়নে আন্দোলনে নামছে গাজীপুরবাসী

প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনের দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

গাজীপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনের দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি। শনিবার দুপুরে জেলার শহীদ বরকত স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। গত ৭ জুলাই গঠিত ২০১ সদস্য বিশিষ্ট গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বলেন, “দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।” এ আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনা নিবাসের যে সব জমি গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করায় আপত্তি ওঠে তা নিরসনে জরিপ কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে। গত ২২ জানুয়ারি সিটি কর্পোরেশন গঠনের প্রাথমিক কার্যক্রম হিসেবে গাজীপুর সদর উপজেলার বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া, পূবাইল ও গাছা ইউনিয়নকে পৌর এলাকার অন্তর্ভূক্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩২ঘ.