২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ নিয়ে খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

অশান্তি সৃষ্টির যে কোনো অপতৎপরতা রুখে দিতে যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অশান্তি সৃষ্টির যে কোনো অপতৎপরতা রুখে দিতে যুবলীগ নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুবলীগের ষষ্ঠ কংগ্রেসের উদ্বোধন করে আওয়ামী লীগ সভানেত্রী এ কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুর আড়াইটার দিকে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। কুঁড়ি মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী ভবিষ্যত নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “আর যেনো কেউ বাংলাদেশকে নিয়ে নতুন খেলা খেলতে না পারে- সেজন্য গ্রামেগঞ্জে যুবলীগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।” অশান্তি সৃষ্টির কৌশল মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই অশান্তির আগুনে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে বিভিন্ন কৌশল করছে। আপনারা জানেন, কারা এই অশান্তি সৃষ্টি করছে।” এ কথা বলার পরপরই যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে বিরোধীদলের অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা বলেন, “তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। গণতন্ত্র ধ্বংস করার জন্য তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এজন্য যুবসমাজকে সতর্ক থাকতে হবে।” সবস্তরে যুবলীগকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন বঙ্গবন্ধু কন্যা। ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনিকে চেয়ারম্যান ও নূরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে ওই দুই জনই চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান ও ফকির আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক, ১৯৮৬ সালে তৃতীয় কংগ্রেসে মোস্তফা মহসিন মন্টুকে চেয়ারম্যান ও ফুলু সরকারকে সাধারণ সম্পাদক, ১৯৯৪ সালে চতুর্থ কংগ্রেসে শেখ ফজলুল করিম সেলিম চেয়ারম্যান ও কাজী ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সর্বশেষ ২০০৩ সালে পঞ্চম কংগ্রেসে জাহাঙ্গীর কবির নানককে চেয়ারম্যান এবং মির্জা আজমকে নির্বাচিত করা হয় সাধারণ সম্পাদক। বক্তৃতায় যুবলীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “একজনকে নেতা হতে হলে- নেতৃত্বের মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশ ও দেশের মানুষকে ভালবাসতে হবে। কী পেলাম- তা নয়, কী দিলাম- সেটাই সকলের লক্ষ্য হতে হবে।” দেশকে এগিয়ে নিতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অনেক কষ্টে গণতন্ত্র উদ্ধার করেছি। রক্ত দিয়ে গণতন্ত্র অধিকার রক্ষা করতে হয়েছে। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। এই দেশকে যুবকরাই এগিয়ে নেবে।” এর আগে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ছোট ছোট রঙ-বেরঙের কাগজ ওড়ানো হয়। এরপর দেশাত্মবোধক ও দলীয় সংগীতের সঙ্গে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্যসহ চীন, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, ভারত ও রাশিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের প্রথম কাউন্সিলে ছাত্রলীগের প্রতিনিধিদলের সদস্য হিসাবে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন। যুবলীগের বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক স্বাগত বক্তব্যে পুরনো নেতৃত্বের পরিবর্তে নতুন নেতৃত্ব সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, “পারস্পরিক দোষারোপ নয়, আত্মসমালোচনার রাজনীতি আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে।” ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের দুর্বলতার দিকটি তুলে ধরে তিনি বলেন, “আন্দোলন বিহীন সংগঠন বিনোদন ক্লাবে সৃষ্টি হয়। কোনো প্রাকৃতিক বা অলৌকিক বলে জয়ী হওয়া যায় না। প্রয়োজন সংগঠন শক্তিশালী করা।” “বাইরের কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ, তারা চিহ্নিত। ক্ষতি করতে পারে ভেতরের শক্তিই।” ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে যুবলীগের সাবেক চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৭১২ ঘ.