২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিত্তিফলক বসিয়ে বলবে সেতু করেছি: মওদুদ

পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করার পর পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের অবাস্তব ঘোষণা দিয়ে সরকার মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে। এমপিদের বেতনের অর্থ, জনগণের ওপর সারচার্জ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থ নিয়ে পদ্মাসেতু নির্মাণ তাদের কল্পনা বিলাস। বর্তমান সরকার এই সেতু নির্মাণ করতে পারবে না।” “কেবল মাওয়া ঘাটের কাছে শেষমূর্হুতে একটি ভিত্তিফলক স্থাপন করে দেখাবে- আমরা সেতু নির্মাণ করেছি।” দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা বলে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের এই ঋণচুক্তি বাতিল করে। চুক্তি বাতিল হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। জাতীয় প্রেসক্লাবে পদ্মাসেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘পদ্মাসেতু নির্মাণে অন্তরায়’ শীর্ষক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব ব্যাংক পদ্মাসেতুর চুক্তি বাতিল করে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমি বলতে চাই, বিশ্ব ব্যাংক নয়, সরকারই জনগণের সঙ্গে প্রতারণা করছে। কারণ সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরই বিশ্ব ব্যাংক ওই চুক্তি বাতিল করেছে।” “বিশ্ব ব্যাংকের অভিযোগের ভিত্তি যদি নাই থাকে, তাহলে সেপ্টেম্বর ও এপ্রিল মাসে বিশ্ব ব্যাংক যে দুটি চিঠি দিয়েছে, তা অবিলম্বে প্রকাশ করুন। দুর্নীতির সঙ্গে জড়িত না থাকলে কেন আপনারা (সরকার) ওই চিঠি প্রকাশ করতে চাচ্ছেন না”, বলেন মওদুদ। পদ্মা সেতু নিয়ে সরকারের মধ্যে ‘সিদ্ধান্তহীনতা’ কাজ করছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, “বিশ্ব ব্যাংককে বিরোধী দল ভাবলে ভুল করবেন। উগ্রতা, দম্ভ ও দাপট পরিহার করে তাদের সঙ্গে সমঝোতায় আসুন।” অধ্যাপক গাজী আবদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মিয়া আবদুল মান্নান, দলের সহ সাংগঠনিক সম্পাদক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৫৪ ঘ.