২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ সাক্ষীকে সাকার আইনজীবীদের জেরা

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী নির্মল চন্দ্র শর্মাকে জেরা শেষ করেছে আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী নির্মল চন্দ্র শর্মাকে জেরা শেষ করেছে আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষীকে জেরার নির্ধারিত তিন অধিবেশন পার হওয়ায় বুধবার সকালে দেড় ঘণ্টার মধ্যে নির্মল চন্দ্রকে জেরা শেষ করতে আসামিপক্ষের আইনজীবীদের প্রতি আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক দেড় ঘণ্টার মধ্যেই সাক্ষীকে জেরা শেষ করেন। আহসানুল হক বলেন, সাক্ষীকে জেরার জন্য সকালে অতিরিক্ত সময় দেওয়ায় ট্রাইব্যুনালের প্রতি তিনি কৃতজ্ঞ। “আমি সব প্রশ্ন করতে পেরেছি এবং আমি সন্তুষ্ট,” বলেন তিনি। আসামিপক্ষের এই আইনজীবী দাবি করেন, চট্টগ্রামের রাউজানের অধিবাসী নির্মল চন্দ্র শর্মা একটি মিথ্যা মামলায় মিথ্যা জবানবন্দি দিয়েছেন এবং তিনি যে ঘটনার কথা বলেছেন সে অনুযায়ী ওই জায়গায় সে সময় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অবশ্য তার এই দাবি নাকচ করেন নির্মল চন্দ্র। এর আগে আহসানুল হক বলেন, মা, ভাতিজা ও ভাইকে হত্যার গল্প বানিয়েছেন সাক্ষী। এছাড়া সে সময় বাবা ও চাচার আহত হওয়ার গল্পও তার বানানো। তার এ দাবিও অস্বীকার করেন নির্মল। যখন আইনজীবী বলেন যে, হানিফ খন্দকারের বাড়ির মসজিদ থেকে আসা ঘোষণা শোনা সম্ভব ছিলো না কারণ সেটি অনেক দূরে ছিলো। তখন সাক্ষী বলেন, তিনি অবশ্যই শুনেছিলেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে যেতে না দেওয়ার জন্য কিছু ষড়যন্ত্রকারীর উস্কানিতে তার রাজনৈতিক প্রতিপক্ষের করা মামলায় সাক্ষী দিতে এসেছেন বলে আসামিপক্ষের আইনজীবীর দাবিও নাকচ করেন নির্মল চন্দ্র। আগামী সোমবার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করা হয়েছে। সেদিন প্রসিকিউশনের পরবর্তী সাক্ষী ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ৪ এপ্রিল মানবতাবিরোধী ২৩ ঘটনায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এএল/২২৩৬ ঘ.