২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কাওসার-পঙ্কজই থাকলেন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি পদে মোল্লা মো. আবু কাওসার এবং সাধারণ সম্পাদক পদে পঙ্কজ দেবনাথ পুনর্র্নিবাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি পদে মোল্লা মো. আবু কাওসার এবং সাধারণ সম্পাদক পদে পঙ্কজ দেবনাথ পুনর্র্নিবাচিত হয়েছেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। রাতে নতুন কমিটির দুই শীর্ষ নেতার নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সহযোগী এই সংগঠনের সম্মেলন উদ্বোধন করেন। বিকালে কাউন্সিল অধিবেশনের শুরুতেই কাউন্সিলরা নাছিমের কাছে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেন। এরপর প্রায় আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে রাত ৯টায় বাহাউদ্দিন নাছিম এবং আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস মিলনায়তনে উপস্থিত হন। নাম ঘোষণার আগে বাহাউদ্দিন নাছিম বলেন, “আমাদের অনেক যোগ্য নেতা আছে। কিন্তু, ১০ জনকেই তো নেতা করা যায় না। অবস্থান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কথা চিন্তা করেই অনেক বিচার-বিশ্লেষণ করে নেতা নির্বাচন করা হয়েছে।” এরপর তিনি মোল্লা মো. আবু কাওসার এবং পঙ্কজ দেবনাথের নাম ঘোষণা করেন। এসময় মোল্লা কাওসারকে উৎফুল্ল দেখালেও পঙ্কজ দেবনাথকে ম্লান দেখাচ্ছিল। নাম ঘোষণার সময় পঙ্কজ না দাঁড়ালে বাহাউদ্দিন নাছিম এক পর্যায়ে হাত ধরে তাকে তোলেন। ২০০৩ সালে স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলনে নাছিম সংগঠনের সভাপতি হন। তবে তিন বছর আগে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলে সহযোগী সংগঠনের দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর থেকে আবু কাওসার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। নয় বছর পর স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন হল। ৭৩টি সাংগঠনিক জেলা, ৫৭৮টি সাংগঠনিক উপজেলাসহ তৃণমূল পর্যায়ের প্রায় আড়াই হাজার কাউন্সিলরসহ পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ১০ হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশ নেন বলে স্বেচ্ছাসেবক লীগের নেতারা জানিয়েছেন। ১৯৯৪ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠিত হয়। এরপর ২০০৩ সালের ২৭ জুলাই সংগঠনটির প্রথম জাতীয় সম্মেলন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩১৫ ঘ.