২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে আগের দুজনই

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি পদে মোল্লা মো. আবু কাওসার এবং সাধারণ সম্পাদক পদে পঙ্কজ দেবনাথ পুনর্নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি পদে মোল্লা মো. আবু কাওসার এবং সাধারণ সম্পাদক পদে পঙ্কজ দেবনাথ পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। রাতে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সহযোগী এই সংগঠনের সম্মেলন উদ্বোধন করেন। বিকালে কাউন্সিল অধিবেশনের শুরুতেই কাউন্সিলরা নাছিমের কাছে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেন। তিনি কমিটি গঠনের পর কাউন্সিল তা অনুমোদন করে। কমিটির ঘোষণার সময় মোল্লা কাওসারকে উৎফুল্ল দেখালেও পঙ্কজ দেবনাথকে ম্লান দেখাচ্ছিল। নাম ঘোষণার সময় পঙ্কজ না দাঁড়ালে বাহাউদ্দিন নাছিম এক পর্যায়ে হাত ধরে তাকে তোলেন। কাউন্সিল অধিবেশনে কয়েকজন বক্তা পঙ্কজ দেবনাথের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রস্তাব তুললেও বেশিরভাগই ছিল শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত বাহাউদ্দিন নাছিমের পক্ষে। ২০০৩ সালে স্বেচ্ছাসেবক লীগের প্রথম সম্মেলনে নাছিম সংগঠনের সভাপতি হন। তবে তিন বছর আগে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলে সহযোগী সংগঠনের দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর থেকে আবু কাওসার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। নয় বছর পর স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন হল। ৭৩টি সাংগঠনিক জেলা, ৫৭৮টি সাংগঠনিক উপজেলাসহ তৃণমূল পর্যায়ের প্রায় আড়াই হাজার কাউন্সিলরসহ পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ১০ হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশ নেন বলে স্বেচ্ছাসেবক লীগের নেতারা জানিয়েছেন। ১৯৯৪ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠিত হয়। এরপর ২০০৩ সালের ২৭ জুলাই সংগঠনটির প্রথম জাতীয় সম্মেলন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১২০ ঘ.