২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: ‘দুর্নীতিবাজদের’ নাম প্রকাশের দাবি বিএনপির

পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। রোববার এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়টি নিশ্চিত হয়েই বিশ্বব্যাংক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে দুই দফা চিঠি দিয়েছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যারা দুর্নীতি করেছে, এখন তাদের নাম প্রকাশ করতে হবে।” বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মাসেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার চুক্তি করেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করে। তারা বলছে, এই প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী সংগঠন হৃদয়ে বাংলাদেশের আলোচনা সভায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, “পদ্মাসেতুতে কারা দুর্নীতির সঙ্গে জড়িত তা প্রধানমন্ত্রী জানেন। তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। অথচ এখন তিনি নাগরিকদের কাছে টেলিফোন নম্বর ও ই-মেইলের ঠিকানা দিয়েছেন। এ রকম কূটকৌশলে দুর্নীতি ধামাচাপা দেওয়া যাবে না।” পিলখানায় বিডিআর হত্যাকা- ‘কারা’ ঘটিয়েছে- তাও প্রধানমন্ত্রী জানেন বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। মোশাররফ বলেন, “আমরা বলতে চাই, বর্তমান সরকারের সব দুর্নীতি ও অপশাসনের বিচার অবশ্যই একদিন করা হবে। ’’ নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাদের সেই খায়েশ পূরণ হবে না। আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে।” হৃদয়ে বাংলাদেশের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহিলা সাংসদ সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, সাবেক সাংসদ হেলেন জেরিন খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৫ ঘ.