ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগকে সরকারের ‘অন্তর্দ্বন্দ্বের’ প্রকাশ বলে মনে করে বিএনপি।
তানজিমের পদত্যাগের পরদিন রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “সোহেল তাজের পিতাকেও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হয়েছিল। আজ তাকেও পদত্যাগ করতে হয়েছে। সোহেল তাজের পদত্যাগকে সরকারের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।”
সরকারি দলের সংসদ সদস্যের পদত্যাগের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মুখপাত্র এই কথা বলেন।
তানজিম শনিবার স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। তা গৃহিত হয়েছে বলে স্পিকার রোববার সংসদে জানিয়েছেন।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে তানজিম। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অর্থমন্ত্রী থাকা অবস্থায় পদত্যাগ করেছিলেন তাজউদ্দীনও।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন দুর্নীতির সঙ্গে জড়িত বলেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে তাদের অর্থায়ন বাতিল করেছে। এখন সরকার বলছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে। অর্থনীতিবিদরা বলেছেন, নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ হলে জনগণের ওপর চাপ বাড়বে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24