২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে জীবিত ফেরত দিতে হবে: ফারুক

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি মনে করছে ইলিয়াস আলী জীবিত। তাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। শনিবার ইলিয়াসের এলাকা বিশ্বনাথে তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপি মনে করে এম ইলিয়াস আলী এখনো জীবিত আছেন। তাকে দ্রুত ফেরত দিতে হবে।” ফারুকের নেতৃত্বে বিএনপির পাঁচ সংসদ সদস্য বিশ্বনাথে যান। ওই এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস সাড়ে তিন মাস ধরে নিখোঁজ। ফারুক বলেন, “বর্তমান সরকার শুধু বিরোধী দলকে দমন-পীড়নেই ব্যস্ত। সাড়ে ৩ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা নিঃশেষ করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে।” “সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে গুম করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ,” বলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বিএনপির সংসদ সদস্যরা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানায় যান এবং তার মায়ের সঙ্গে কথা বলেন। পরে তারা ইলিয়াস আলীর গাড়িচালক আনছার আলীর বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। ইলিয়াসের সন্ধান দাবিতে গত ২৪ এপ্রিল হরতালে নিহত তিন বিএনপি কর্মীর কবরও জিয়ারত করেন বিএনপির সংসদ সদস্যরা। ফারুকের নেতৃত্বাধীন বিএনপির সংসদ সদস্যদের এই প্রতিনিধি দলের ছিলেন এ কে এম হাফিজুর রহমান, নজরুল ইসলাম মঞ্জু, আশরাফ উদ্দিন নিজান ও শাম্মী আকতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৩ ঘ.