২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চান এরশাদ

পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। একই সঙ্গে দেশের স্বার্থে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে পদত্যাগ করতে বলেছেন মহাজোটের অন্যতম শরিক দলের এই নেতা। মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ বলেন, পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে যে বিতর্ক ও অনাভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়েছে তা দুঃখজনক এবং জাতির জন্য দুভার্গজনক। যেকোনো মূল্যে এই সেতু নির্মাণে সরকার এবং দেশবাসীকে উদ্যোগ গ্রহণ করতেই হবে। বিশ্বব্যাংকের ঋণের সুদের হার তুলে ধরে তিনি বলেন, “এই সুদের হার মাত্র দশমিক ৭৫ শতাংশ। এতো অল্প সুদের হারে আর কোথা থেকেও ঋণ গ্রহণের সুযোগ নেই। ঋণ পরিশোধের সময়সীমাও ৪০ থেকে ৫০ বছর। আমরা একান্তভাবে বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করি।” বিবৃতিতে তিনি ভারতকে বিশ্ব ব্যাংকের ৪০ বিলিয়ন ডলার ঋণ সহায়তার বিষয়টি তুলে ধরেন। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে নিয়ে সৃষ্ট বিতর্কের অবসানে দেশের স্বার্থে তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। “এই পদত্যাগে তার (আবুল হোসেন) অমর্যাদা কিছু হবেনা বরং জনগণের স্বার্থের বিবেচনায় ইতিহাস তাকে স্মরণ করবে।” ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করে। ঋণ বাতিলের কারণ হিসাবে বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। আর এর তদন্তে বাংলাদেশ সরকারের ইতিবাচক সাড়া না মেলায় তারা প্রকল্পে অর্থায়ন বাতিল করছে। অবশ্য বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্তের জন্য সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জেলিককে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২২১ ঘ.