ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা ও হট্টগোলের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সম্মেলন শুরু হয়েছে।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মেলনের কার্যক্রম শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হয়।
মঞ্চের সামনে রাখা আসন পূর্ণ হয়ে গেলে নেতাকর্মীদের অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় মঞ্চ থেকে নেতাকর্মীদের সভামঞ্চের আশপাশে অবস্থান নিতে বারবার আহ্বান জানানো হচ্ছিল।
বেলা সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের পশ্চিম দিক থেকে বেশকিছু নেতাকর্মী হট্টগোল শুরু করে মঞ্চের দিকে ধাওয়া করে। মঞ্চের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা ভয়ে দিগবিদিক ছোটাছুটি করে।
এসময় মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শাওনসহ মহানগর যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিপুল সংখ্যক পুলিশ মঞ্চের আশেপাশে অবস্থান নিলে নেতাকর্মীরা আবার মঞ্চের সামনে জড়ো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24