ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করলেও সংস্থাটির সঙ্গে সমঝোতার সুযোগ এখনো রয়েছে বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার এক সংবাদ সম্মেলনে দলটি বলেছে, বিশ্ব ব্যাংক কথিত ‘দুর্নীতিবাজদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সমঝোতার পথ খুলতে পারে।
সরকার বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার পথটি গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেছে বিএনপি।
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের তিন দিন পর বিএনপি এই বিষয়ে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরে সংবাদ সম্মেলন করে, যদিও চেয়ারপারসনসহ দলটির নেতারা দুদিন ধরে সরকারের ‘দুর্নীতির’ কড়া সমালোচনা করে আসছে।
বিএনপির সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, “বিশ্ব ব্যাংকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে তাদের পরামর্শ মোতাবেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি সমাধান করা গেলে বাতিলকৃত চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ এখনো আছে বলে আমরা মনে করি।”
বিশ্ব ব্যাংকের পরামর্শ সরকার গ্রহণ না করে সরকার বহুপ্রতীক্ষিত এই প্রকল্প অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে বিএনপির অভিযোগ।
“শুধু ব্যক্তি ও দলীয় স্বার্থে একগুয়েমি ও দুর্নীতির পথ অনুসরণ না করে সততা ও দেশের স্বার্থে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নই হবে জনগণের জন্য মঙ্গলজনক। আমরা সরকারকে আবারো সততা ও জনকল্যাণের পথে ফিরে আসার আহবান জানাচ্ছি,” বলেন এম কে আনোয়ার।
পদ্মা প্রকল্পে অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক বলেছে, তারা দুর্নীতির অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে। তবে সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে সংস্থাটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, “সরকার দুর্নীতির পক্ষে অবস্থান নেওয়ার ফলে পদ্মা সেতু নির্মাণ চুক্তি বিশ্ব ব্যাংক বাতিল করে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সরকার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ। এখন বিশ্ব ব্যাংক বর্তমান সরকারকে সেই দুর্নীতির সনদপত্র দিয়েছে।”
“আমরা মনে করি, এই দুর্নীতির দায় স্বীকার করে সরকারের এখনই পদত্যাগ করা উচিত। কারণ বর্তমান সরকারের কয়েক ব্যক্তির উগ্র অর্থ লালসার শিকার হয়েছে দেশের ১৫ কোটি মানুষের মান-মর্যাদা। এটি সমগ্র জাতির জন্য কলঙ্কজনক,” যোগ করেন তিনি।
বিএনপি মনে করে, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন বাতিল এতেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য উন্নয়ন প্রকল্প, উন্নয়ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদেশগুলোও এর দ্বারা প্রভাবিত হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর।
বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। সমঝোতা স্মারক সইয়ের পর তারা চুক্তির প্রস্তাবও দিয়েছে।
বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে অর্থের বিকল্প উৎস সন্ধানে সরকারের তৎপরতার সমালোচনা করে সাবেক সচিব আনোয়ার বলেন, “বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় সুদ শূন্য দশমিক ৭৫ শতাংশ। ১০ বছরে গ্রেইস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধযোগ্য।
“অথচ অন্য যে কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলে সুদের হার শতকরা ৬ ভাগের কম হবে না। নির্মাণ ব্যয়ও কয়েকগুণ বাড়বে। সেতু নির্মাণে এই বর্ধিত ব্যয় এবং সুদ আসল পরিশোধের দায় জনগণের ওপর বর্তাবে, যা দেশকে একটি দীর্ঘ মেয়াদি আর্থিক সঙ্কটে ফেলবে।”
পদ্মা সেতু নির্মাণে সরকারের বিকল্প অর্থ সংগ্রহের উৎস ও যোগান ব্যয় ও শর্তাবলি জনসমক্ষে প্রকাশের দাবিও জানান সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব।
এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এ সংক্রান্ত সব চুক্তি জনস্বার্থে বাতিল করবে।”
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে, বলেন তিনি।
চারদলীয় জোট সরকার আমলে পদ্মা নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয় জানিয়ে এম কে আনোয়ার বলেন, “২০০৭ সালে এইসব কার্যাদির ফলাফলের ভিত্তিতে ও ধারাবাহিকতায় পদ্মা সেতু প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছিল। বিএনপি ক্ষমতায় থাকলে ইতোমধ্যে পদ্মা সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যেত।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “পদ্মা প্রকল্পে দুর্নীতির সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও তার নিজস্ব প্রতিষ্ঠান সাঁকো জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বিশ্ব ব্যাংক সরকার প্রধানসহ অর্থমন্ত্রীর কাছে দিয়েছে। কিন্তু সরকার তা আমলে নেয়নি।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আনোয়ার ছাড়াও ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, ওসমান ফারুক, মুশফিকুর রহমান, ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী ও আবদুল লতিফ জনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০১০ ঘ.
bdnews24