ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির কথা বলে বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যাওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, দেশের সব প্রকল্পেই সরকারের লোকজন দুর্নীতি করছে।
সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “টিআর, কাবিখা থেকে শুরু করে এমন কোনো প্রকল্প নেই যেখানে সরকার ও তার লোকজন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়নি। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে কুইক মানি লুটপাট করছে তারা। দুর্নীতি এখন মহামারীর আকার ধারণ করেছে।”
দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্ত অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে উল্লেখ করে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশের একটি বৃহৎ প্রকল্পে দুর্নীতির কারণে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের বিষয়টি এখানেই সীমাবদ্ধ থাকবে না। এই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত অন্যান্য দাতা দেশ ও সংস্থাও অর্থায়ন প্রত্যাহার করে নেবে। আমরা আশঙ্কা করছি, এতে আগামী বছর বৈদেশিক সাহায্যপ্রাপ্তিও কমে আসবে।”
জাইকা, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকও পদ্মা প্রকল্পে ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছিল। গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করার পর তাদের অর্থায়নও আটকে যায়।
খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছিল। এবার তারা (সরকার) বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দুর্নীতিবাজ সরকার হিসেবে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।”
তিনি বলেন, “পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির বিষয়ে বিশ্ব ব্যাংক দুই দফায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল। ওই সময়ে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ দিয়েছিলেন, দুর্নীতি হয়নি। আমরা প্রধানমন্ত্রীকে বলব, পদ্মসেতুতে দুর্নীতি হয়নি- আপনার এই চ্যালেঞ্জ এখন আপনি প্রমাণ করুন।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ।
সাবেক সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক সংসদ সদস্য আবুল গফুর ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল আলোচনা সভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫৫০ ঘ.
bdnews24