২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি খোকা

ডায়াবেটিস ও কিডনি জটিলতায় আক্রান্ত বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডায়াবেটিস ও কিডনি জটিলতায় আক্রান্ত বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একান্ত সহকারী মনিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে এই বিএনপি নেতাকে ঢাকার বারডেম হাসপাতাল থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। “স্যারকে বৃহস্পতিবার সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিডনি জটিলতায় ভুগছেন। তাছাড়া ডায়াবেটিসও রয়েছে”, বলেন মনিরুল। তিনি জানান, উচ্চ আদালতের অনুমতি নিয়েই জামিনে থাকা খোকা সিঙ্গাপুরে গেছেন। তার সঙ্গে স্ত্রী ইসমত হোসেন, দুই ছেলে ইশরাক হোসেন ও ইসফাক হোসেনও রয়েছেন। হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খোকাসহ ৩৪ জনকে গত ১৮ মে কারাগারে পাঠায় আদালত। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ২৯ মে খোকাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ জুন হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়র পরও ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকার সাবেক মেয়র খোকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১১৫ ঘ.