ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচার কাজ চলার সময় আদালত কক্ষের ছাদ থেকে ফলস সিলিংয়ের এক টুকরো স্ল্যাব খসে পড়ে বুধবার।
এই ঘটনায় কেউ আহত না হলেও বিচারিক কার্যক্রম কিছুক্ষণের জন্য মুলতবি করেন বিচারক।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলার সময় এ ঘটনা ঘটে।
আসামির আইনজীবী মিজানুল ইসলাম যখন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিভিন্ন প্রশ্ন করছিলেন, তখনই হঠাৎ ছাদ থেকে (ফলস রুফ) স্ল্যাবের একটি টুকরো খসে সাক্ষীর কাছেই মেঝেতে পড়ে। ফলস রুফের ওই ফুটো দিয়ে এ সময় বিপুল পরিমাণ পানিও আদালত কক্ষে পড়ে।
ট্রাইব্যুনালের উপ-নিবন্ধক মেজবাহউদ্দীন জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে দোতলা আদালত ভবনের দ্বিতীয় তলায় এই বিচার কক্ষের ফলস রুফের ওপরে কোনোভাবে পানি জমে যায়। পানিতে ভিজে ভারি হয়ে যাওয়ায় স্ল্যাবটি মেঝেতে ভেঙে পড়েছে বলে তার ধারণা।
তিনি বলেন, “বর্গাকার স্ল্যাবটি কয়েকটি টুকরো হয়ে ভেঙে পড়ে। এ সময় ওপরে জমা পানি সাক্ষীর জন্য দাঁড়ানোর জায়গা ও স্টোনোগ্রাফারের টেবিলের মাঝের স্থানে ছড়িয়ে পড়ে। আদালতের বাম পাশে হওয়ায় স্থানটি বিচারকের এজলাশের কাছেই।
আদালতের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সংশ্লিষ্টদের দিয়ে ছাদ পর্যবেক্ষণ করানোর পরামর্শ দিলে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক কার্যক্রম মুলতবি করেন।
হাসপাতালে সহযোগী পাবেন সাঈদী
আদালত মুলতবি হওয়ার আগে সাঈদীর জন্য হাসপাতালে সার্বক্ষণিক সহযোগী রাখার একটি আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করে।
হৃদরোগের আক্রান্ত সাঈদীর হৃদপিন্ডে সম্প্রতি তিনটি টিউব (কৃত্রিম ধমনী) বসানো হয়েছে জানিয়ে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম সকালে এই আবেদন করেন। তিনি বলেন, হাসপাতালে সাঈদীর পক্ষে একা হাঁটাচলা করা, পোশাক পরাসহ অন্যান্য কাজ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তার একজন সহযোগী দরকার।
শুনানি শেষে বিচারক সাঈদীর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে ২৪ ঘণ্টা হাসপাতালে তার সঙ্গে থাকার অনুমতি দেন। তবে এতে করে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নিয়ম যাতে লঙ্ঘন না হয়, তাও নিশ্চিত করতে বলেন।
জামায়াত নেতা সাঈদী কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৪ জুন তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়লে কৃত্রিম ধমণী বসানো হয়।
নিজামির দুই আবেদন খারিজ
জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা এবং তার মামলা দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নিজামীর আবেদন প্রসঙ্গে বলেন, “এ দুটি আবেদনে বিবেচনায় নেওয়ার মতো কিছু না থাকায় তা নাকচ করা হল।”
এর আগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের এ ধরনের দুটি আবেদনও খারিজ করেছিল ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১৫৩০ ঘ.
bdnews24