ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশজুড়ে ‘নৈরাজ্য’ সৃষ্টির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হিযবুত তাহরিরের সাত সদস্যকে দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদ হাসান ওরফে রবিন (২০), তারেক সাইফুল্লাহ ওরফে তারেক (১৮), নুর মোহাম্মদ খোকা (২০), শাফায়াত জামিল ওরফে সোহাগ (২২), ফাহাদ হোসেন কাইউম ওরফে দীপ্র (২২), শাহাদাত হক মুন্না (২২) ও আশরাফুল করিম রাকিব (২৫)।
সোমবার মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিশ্বাস তাদেরকে আদালতে হাজির করে তিনদিনের হেফাজতের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার সাদাত শুনানি শেষে অভিযুক্তের পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের দুদিনের হেফাজত মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস বলেন, “ওই সাতজন রাষ্ট্রবিরোধী কর্মকা- ও দেশে ত্রাস সৃষ্টির কাজে যুক্ত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।”
এর আগে, শনিবার সন্ধ্যায় ও রোববার নগরীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির বাংলাদেশ এর এই সাত সদস্যকে আটক করে র্যাব।
তাদের কাছ থেকে কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয় বলে র্যাব জানায়।
তাদের মধ্যে একজন পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, একজন তেজগাঁও কলেজ, একজন নটরডেম কলেজ, একজন ঢাকা কলেজ, একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। অন্য দুজন ব্রিটিশ কাউন্সিলে কোর্স করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এইচএএইচ/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24