ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিনটি অর্থ বছরে কী পরিমাণ কালোটাকা সাদা করা হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয়কে বৈধ করার সুযোগের বিরোধিতা করেন এই সাংসদ।
ইনু বলেন, “কালোটাকা হারাম। এটা হালাল করা চলবে না। গত তিনটি বাজেটে কত টাকা হালাল করেছেন, কত টাকা বিনিয়োগ করতে পেরেছেন, কত জনকে চাকরি দিয়েছেন- তার শ্বেতপত্র চাই।”
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো নির্বাচিত হন মহাজোটের শরিক দলের এই নেতা।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলের জঙ্গিবাদের কথা তুলে ধরে তিনি বলেন, “ক্ষমতায় থাকতে খালেদা জিয়ার সরকার কিলিং মেশিনে পরিণত হয়েছিলো। জঙ্গি ও বাংলা ভাই উৎপাদনের মেশিনে পরিণত হয়েছিলো।”
“এখন বিএনপি দলবাজী, ক্ষমতাবাজী, দুর্নীতিবাজ ও জঙ্গিবাদীদের ডাস্টবিনে পরিণত হয়েছে। বিএনপির ভালো নেতারা ধামাচাপা পড়ে গিয়েছে। আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার মিশনে আছেন। বাজেট বাস্তবায়ন নিয়ে উনার মাথাব্যাথা নেই।”
ইনু বলেন, “গুম-খুন ও ক্রসফায়ারের দিন শেষ। এগুলো গণতন্ত্রে চলে না। প্রশাসনে যারা বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন না তারা দায়িত্ব ছেড়ে দিন। সরকারকে বিপদে ফেলবেন না। মানুষকে বিভ্রান্ত করবেন না।”
তবে সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও শ্রমিক নেতা আমিনুল হত্যার রহস্য উদঘাটন করতে এবং ইলিয়াসের হদিস বা হত্যার রহস্য উদঘাটন করতে না পারায় সরকার বিব্রত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরও সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, “বাজারে গেলে গালমন্দ শুনতে হয়। রাজস্ব আদায়ে সাফল্য আসলে টিসিবিকে শক্তিশালী করার ক্ষেত্রে সাফলতা নেই কেন? এটা কী গাফিলতি? নাকি পলিসি পরিবর্তন? বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরিবহন সেক্টরে অরাজকতা চলছে।”
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু মোবাইল সিম ও সেটের ওপর থেকে কর প্রত্যাহারের আহবান জানান।
কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চালুর পক্ষে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন বলেন, “সরকার কুইক রেন্টালে যখন হাত দেয় তখন অর্থনীতি রক্তশূন্যতায় ভুগছিলো। এই রক্তশূন্যতায় রক্ত সঞ্চালনের জন্য কুইক রেন্টালের প্রয়োজন ছিলো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এএল/২০১৪ ঘ.
bdnews24