২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা দেশে ফিরছেন রোববার

সৌদি আরবে স্বাস্থ্য পরীক্ষা শেষে রোববার রাতে দেশে ফিরছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে স্বাস্থ্য পরীক্ষা শেষে রোববার রাতে দেশে ফিরছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ কামাল খান এ কথা জানান। রোববার রাত ২টা ৫০মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়ার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। গত ১৫ জুন রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন সৌদি আরব যান। তিনি সৌদি বাদশার আমন্ত্রণে সেদেশে যান। প্রেস সচিব জানান, রিয়াদে বুধবার বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে বিরোধী দলীয় নেতা স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হন। রোববার সকালে তার স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে। এরপর দেশের উদ্দেশে রওনা হবেন তিনি। সৌদি আরবে অবস্থানকালে খালেদা জিয়া ওমরাহ পালন করেন। জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) সদরদপ্তরে সংস্থার মহাসচিব ড. একমেলুুদ্দীন এহসান ওগলোর সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেন। এছাড়া জেদ্দায় রাজকীয় কনফারেন্স প্যালেসে খালেদা জিয়ার হোটেল স্যুটে এসে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার ড. আবদুল্লাহ ওমর নাসিফ ও ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি’র চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলী। খালেদা জিয়ার সফরসঙ্গী তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, দলের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদও একসঙ্গে দেশে ফিরছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫৬ ঘ.