২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী শফিকুল গানির স্ত্রীর মৃত্যু

ন্যাপ-বাংলাদেশের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের স্ত্রী নাজহাত গানি শবনম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাপ-বাংলাদেশের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের স্ত্রী নাজহাত গানি শবনম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরহুমা শবনম ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাপের সভাপতি ব্যারিস্টার জেবেল রহমান গানির মা এবং সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার পুত্রবধূ। ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টায় ব্যাংককের একটি হাসপাতালে মারা যান শবনম। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মরহুমার মরদেহ সোমবার ঢাকায় নিয়ে আসা হবে। মঙ্গলবার তার গুলশানের বাসায় কফিন রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য। ওইদিন গুলশানের আযাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা, বুধবার রংপুর শহরে দ্বিতীয় এবং নীলফামারীর ডিমলায় গ্রামের বাড়িতে সর্বশেষ জানাজা হবে। বুধবার ডিমলার সুন্দরখাতায় স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী শফিকুল গানি স্বপনের পাশে দাফন করা হবে নাজহাত গানি শবনমকে। নাজহাত গানির মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, মহাসচিব রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ১৮ দলীয় জোটের নেতারা পৃথক পৃথক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭০৬ ঘ.