২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের ৭ যুদ্ধাপরাধ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচার শুরুর জন্য যে সাতটি ঘটনার কথা ট্রাইব্যুনাল বলেছে, তাতে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচার শুরুর জন্য যে সাতটি ঘটনার কথা ট্রাইব্যুনাল বলেছে, তাতে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধও রয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৯ জুলাই দিন রাখে। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মুজাহিদ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধে জাড়িত ছিলেন তিনি। যেসব ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে- সেগুলো সংক্ষেপে প্রকাশ করা হলো। সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনকে অপহরণ মুক্তিযুদ্ধের সময় দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজ উদ্দিন হোসেন পরিবার নিয়ে থাকতেন ঢাকার চামেলীবাগে। একাত্তরের সেপ্টেম্বরে তিনি ‘ভাষ্যকার’ ছদ্মনামে ‘ঠগ বাছিতে গা উজাড়’ শিরোনামে এক প্রবন্ধ লিখে পাকিস্তানি সেনাবাহিনীর দেশীয় দোসরদের হাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের হয়রানির চিত্র তুলে ধরেন। ওই প্রবন্ধ প্রকাশের পর জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামে ‘অতএব ঠগ বাছিও না’ শিরোনামে পাল্টা প্রবন্ধ ছাপা হয়। সিরাজ উদ্দিন হোসেনকে ‘ভারতের দালাল’ আখ্যায়িত করে তার সমালোচনা করা হয় ওই প্রবন্ধে। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একাত্তরের ১০ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ৭/৮ জন রাইফেলধারী যুবক সিরাজ উদ্দিনের বাসায় গিয়ে তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তিনি নিজের পরিচয় দিলে মুজাহিদের নির্দেশে রাইফেলধারী যুবকরা সিরাজ উদ্দিনকে একটি মিনিবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন কি লাশও পাওয়া যায়নি। চরভদ্রাসনে গণহত্যা ১৯৭১ সালের মে মাসের একদিন ভোরে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার বৈদ্যডাঙ্গী, মাঝিডাঙ্গী ও বালাডাঙ্গীতে হামলা চালিয়ে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি সেনা ও আলবদর বাহিনী। ওইদিন মুজাহিদের নির্দেশে গ্রামগুলোতে ৫০/৬০ জন নিরস্ত্র হিন্দুকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ এনেছে প্রসিকিউশন। রণজিৎ নাথ বাবুকে নির্যাতন ১৯৭১ সালের জুন মাসে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়াল চামট থেকে (রথখোলা) রমেশচন্দ্র নাথের ছেলে রণজিৎ নাথ বাবুকে ধরে নিয়ে যায় রাজাকার সদস্যরা। এরপর পুরনো সার্কিট হাউসে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিতিতে পাকিস্তানি বাহিনীর মেজর আকরাম কোরাইশীর সামনে তাকে হাজির করা হয়। ওই সময় মুজাহিদের নির্দেশে কয়েকজন রাজাকার ও বিহারি যুবক বাবুকে অমানুষিক নির্যাতন করে এবং একটি দাঁত তুলে ফেলে। নির্যাতনের পর তাকে হত্যা করার উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা হলেও রণজিৎ জানালার শিক বাঁকা করে ঘর থেকে পালিয়ে জীবন বাঁচান বলে জানিয়েছে প্রসিকিউশন। আবু ইউসুফ পাখিকে নির্যাতন একাত্তরের ২৬ জুলাই সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আবু ইউসুফ পাখিকে আটক করে স্থানীয় রাজাকাররা। এরপর তাকে ফরিদপুর স্টেডিয়ামে বসানো সেনা ক্যাম্পে নিয়ে আটকে রাখা হয়। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, মুজাহিদের নির্দেশে ওই ক্যাম্পে পাখির ওপর অমানবিক নির্যাতন চলে। সেখানে ১ মাস ৩ দিন আটক রেখে নির্যাতনের ফলে পাখির বুক ও পিঠের হাড় ভেঙে যায়। পরে তাকে যশোর ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। সুরকার আলতাফ মাহমুদসহ অন্যদের হত্যা ১৯৭১ সালের ৩০ অগাস্ট রাত ৮টায় মুজাহিদ ও মতিউর রহমান নিজামী নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলের ক্যাম্পে যায়। সেখানে আটক সুরকার আলতাফ মাহমুদ, জহিরউদ্দিন জালাল, বদি, রুমি, জুয়েল ও আজাদকে দেখে মুজাহিদ ও নিজামি গালিগালাজ করে। উপস্থিত সেনা কর্মকর্তাকে তারা বলেন, প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আদেশের আগেই এদের হত্যা করতে হবে। এরপর তারা আটক ব্যক্তিদের প্রায় সবাইকে নির্যাতনের পর হত্যা করে লাশ গুম করে। বুদ্ধিজীবী হত্যা ষড়যন্ত্র একাত্তরের ২৭ মার্চের পর ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট দখল করে নির্যাতন ক্যাম্প তৈরি করে পাকিস্তান সেনাবাহিনী। পরে রাজাকার ও আলবদর বাহিনীও সেখানে ক্যাম্প বসায়। জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম, নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি মতিউর রহমান নিজামী, পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সেক্রেটারি ও পরবর্তীতে সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওই সেনা ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন। ১০ ডিসেম্বর থেকে পরিচালিত ‘বুদ্ধিজীবী নিধন অভিযানে’ মুজাহিদ পাকিস্তানি সেনাবাহিনীকে পরামর্শ ও সহযোগিতা দেন বলে অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮৪৫ ঘ.