২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর জামিন আবেদনের আদেশ রোববার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদনের বিষয়ে রোববার আদেশ দেবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদনের বিষয়ে রোববার আদেশ দেবে ট্রাইব্যুনাল। সাঈদীর জামিন চেয়ে তার আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের দিন ঠিক করেছে। মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযুক্ত সাঈদী কারা হেফাজতে বর্তমানে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সাঈদীর হৃৎপিণ্ডের ধমনীতে কয়েকটি ব্লক ধরা পড়ায় এনজিওপ্লাস্টির মাধ্যমে অপসারণ করা হয়েছে। সাঈদীর জামিন আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, যথযথভাবে সাঈদীর চিকিৎসা চলছে। তার চিকিৎসায় কোনো গাফিলতির অভিযোগ নেই। প্রসিকিউটর বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাঈদীকে তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন নিয়মিত দেখার সুযোগও পাচ্ছেন। তবে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, এ ধরনের পরিস্থিতিতে যে রকম সেবার প্রয়োজন হয় তা হাসপাতালে দেওয়া সম্ভব নয়। ছেলের জানাজা পড়ে ফেরার পর হৃদরোগে আক্রান্ত হন সাঈদী। তখন তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকে বুধবার তাকে মিরপুরের হাসপাতালে নেওয়া হয়। সাঈদীর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার আইনজীবীরা শুনানি মুলতবির জন্য বৃহস্পতিবারও ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে তার খারিজ হয়ে যায়। এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাঈদীর বড় ছেলে রফিক বিন সাঈদী। প্যারোলে মুক্ত হয়ে ছেলের জানাজা পড়িয়েছিলেন তিনি। একাত্তরে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান তার মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছে আসামিপক্ষের আইনজীবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/১৮৩০ ঘ.