ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
তবে এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা মুলতবির আবেদন আদালত খারিজ করে দিয়েছে।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকালে এই নির্দেশ দেয়।
আদালতের কার্যক্রম শুরুর পর সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম মামলার তদন্ত কমকর্তার জেরা দুই দিনের জন্য মুলতবির আবেদন জানান।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকদের সনদ দেখিয়ে তিনি বলেন, সাঈদীর হৃদপিণ্ডে চারটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা আরও দুটি পরীক্ষা করতে বলেছেন। এ কারণে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে বিচারক সাঈদীকে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন এবং এ ব্যাপারে কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন।
তবে জেরা মুলতবির আবেদন খারিজ করে বিচারপতি নিজামুল হক বলেন, দীর্ঘ সময় অসুস্থ থাকার ক্ষেত্রে মামলার কার্যক্রম মুলতবির কোনো সুযোগ আন্তর্জাতিক অপরাধ আইনে নেই।
২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেপ্তর হন। এরপর তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে।
গত ১৪ জুন প্যারোলে মুক্তি পেয়ে বড় ছেলে রফিক বিন সাঈদীর জানাজায় অংশ নেন জামায়াতের সায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী। এরপর নিজেই অসুস্থ হয়ে পড়লে ট্রাইব্যুনালের আদেশে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24