২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের রুলিং দায়িত্বশীল: মওদুদ

হাই কোর্ট বিভাগের এক বিচারকের বক্তব্যের ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমনে স্পিকারের রুলিং সরকারের স্বার্থ রক্ষা করলেও তা দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্ট বিভাগের এক বিচারকের বক্তব্যের ফলে সৃষ্ট উত্তেজনা প্রশমনে স্পিকারের রুলিং সরকারের স্বার্থ রক্ষা করলেও তা দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তিনি মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “সরকারের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে স্পিকার ভারসাম্য বজায় রেখে রুলিং দিয়েছেন।” গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে ৫ জুন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মন্তব্য করলে সেদিনই সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ওই বিচারককে অপসারণে জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব তুললে সংসদের বাইরে থেকে তাতে সমর্থনও প্রকাশ করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। এই প্রেক্ষাপটে স্পিকার আবদুল হামিদ সোমবার রুলিংয়ে ওই বিচারকের বক্তব্যের বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংসদ সদস্যদেরও তাদের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেন। মওদুদ বলেন, আইনসভা ও বিচার বিভাগের সংঘাত এড়াতে স্পিকার দায়িত্বশীল রুলিং দিয়েছেন। “রুলিংয়ে স্পিকার স্পষ্ট করে বলেছেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সংবিধান লঙ্ঘন করেছেন। তাই প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলব, তিনি (বিচারপতি) যদি সংবিধান লঙ্ঘন করেন, তাহলে আপনি একটি কার্যকর ব্যবস্থা নেবেন। যাতে ভবিষ্যতে এই ধরনের অবস্থার পুনরাবৃত্তি না ঘটে,” বলেন তিনি। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘চলমান রাজনীতি : তত্ত্বাবধায়ক সরকার ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমদ, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১২০ ঘ.