নোয়াখালী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ভাঙচুরের মামলায় আদালতের নির্দেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
ওই মামলায় জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আসামিরা নোয়াখালী জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহ মো. জাকির হাসানের আদালতে হাজির হলে তিনি এ আদেশ দেন।
শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের ভাই আবু তাহেরের দায়ের করা দোকান ভাঙচুরের একটি মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে দুই মাসের জামিনে ছিলেন।
আসামিদের মধ্যে রয়েছেন- স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক শাহ জাফর উল্লাহ রাসেল, যুগ্ম আহ্বায়ক কলিম উল্লা, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান ও শহর যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন।
আসামি পক্ষের আইনজীবী এবিএম জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ এপ্রিল জেলা শহরের স্টার রেস্তোরাঁ ভাঙচুরের অভিযোগে শহর বিএনপি সাধারণ সম্পাদক আবু নাছেরের ভাই আবু তাহের বাদী হয়ে সুধারাম থানায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। মামলার সব আসামি এতোদিন উচ্চ আলদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার ২৫ নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এ ঘটনার পর পরই শহরে মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৬৪৫ ঘ.
bdnews24