২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস গুমের বিচার হবে: মওদুদ

‘নিখোঁজ’ এম ইলিয়াস আলী সরকারের হেফাজতে আছে দাবি করে বিএনপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলী সরকারের হেফাজতে আছে দাবি করে বিএনপি বলেছে, ক্ষমতায় গেলে তার নিখোঁজ রহস্য বের করে দোষীদের চিহ্নিত করা হবে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার এক প্রতীক অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “সরকারের এজেন্সির লোকজনই ইলিয়াস আলীকে গুম করেছে। তাদের হেফাজতেই সে আছে। তাই সরকারকে বলব, তাকে সুস্থভাবে তার পরিবারের কাছে ফেরত দিন।” “নইলে বিএনপি ক্ষমতায় গেলে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার রহস্য উৎঘাটন করবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেবে। সরকারকে বলতে চাই, ইলিয়াস আলীকে ফেরত দিন। নইলে একদিন এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।” ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও সরকার তাকে উদ্ধার করতে না পারায় বিএনপিপন্থী সংগঠন স্বাধীনতা ফোরাম জাতীয় প্রেসক্লাবের এই প্রতীক অনশনের আয়োজন করে। গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর মহাখালীতে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি অভিযোগ করলেও সরকার তা অস্বীকার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “গত ৩/৪ মাসে যত হত্যাকাণ্ড ঘটেছে, কোনো ক্ষেত্রেই সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। সন্দেহভাজন হিসেবেও তো গ্রেপ্তার হতে পারে, তাও তারা করেনি। এ থেকে বোঝা যায়, সরকার হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে।” নিম্ন আদালতে এক নারীর শ্লীলতাহানি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং আমার দেশ পত্রিকার ওপর সরকারের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা উল্লেখ করে মওদুদ বলেন, “কোনো ঘটনারই সুরাহা হয়নি। সরকার দেশ শাসন করার জনমত হারিয়ে ফেলেছে বলে আমরা মনে করি।” স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নাগরিক সংসদের নেত্রী খালেদা ইয়াসমীন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/আরএ/জেকে/১৫৩৫ ঘ.