ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও সরকার তার খোঁজ দিতে না পারায় বিরোধীদলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তাকে ফিরিয়ে আনতে হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী সমাবেশে তিনি বলেন, “এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নেই। বিরোধী দলকে দমন ও বিএনপির নেতাদের হত্যা-গুম করাই সরকারের কাজ। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এম ইলিয়াস আলীকে আমাদের খুঁজে বের করতে হবে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপিপন্থী সংগঠন স্বাধীনতা ফোরাম এই সমাবেশের আয়োজন করে।
গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর মহাখালীতে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি অভিযোগ করলেও সরকার তা অস্বীকার করেছে।
আওয়ামী লীগ অস্থিরতায় ভুগছে দাবি করে ফারুক বলেন, “প্রধানমন্ত্রীর কথাবার্তা ও বক্তব্য জনগণ আর গ্রহণ করে না। আওয়ামী লীগ যন্ত্রণায় থাকলেও ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। কিন্তু তাদের অট্টোহাসিও বন্ধ হচ্ছে না।”
“বিএনপিকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। যারা বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেই আওয়ামী লীগ প্রমোশন দিচ্ছে,” বলেন তিনি।
প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ- এমন মন্তব্য করে শেখ হাসিনার উদ্দেশে ফারুক বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন আপনাদের জনপ্রিয়তা কতটুকু আছে।”
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে এই প্রতীকী সমাবেশে অন্যদের মধ্যে সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ন কবীর বেপারী, স্বাধীনতা ফোরামের সহ-সভাপতি এবিএম খালিদ হাসান, জিয়া নাগরিক ফোরামের সভাপতি জিয়া মো. আনোয়ার, জিয়া আদর্শ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, ঢাকা সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৩৫০ ঘ.
bdnews24