২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র পুলিশের বুটের নিচে: মওদুদ

দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই অভিযোগ করে সরকারের ‘দমন-পীড়নের’ প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই অভিযোগ করে সরকারের ‘দমন-পীড়নের’ প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, “দেশের গণতন্ত্র এখন পুলিশের বুটের নিচে। সরকার খুব ভালো করেই জানে তাদের কোনো জনসমর্থন নেই। তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকসহ বিরোধীদলের ওপরে দমন, নিপীড়ন, নির্যাতন, শক্তি প্রয়োগ এবং আদালতকে প্রভাবিত করার কাজ করছে।” তিনি ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী শাসনের উদাহরণ টেনে নিয়ে বলেন, “সেই সময়ের চেয়েও দেশে গভীর সংকট বিরাজ করছে। আওয়ামী নেতাকর্মীদের অনভিজ্ঞতা এবং দেশপ্রেমহীনতা বর্তমান পরিস্থিতিকে নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে গেছে।” “সে সময়ে দেশে কোন শক্তিশালী বিরোধীদল ছিলো না। সংবাদপত্রগুলোর কঠোর সমালোচনা সহ্য করতে না পেরে তৎকালীন শেখ মুজিব সরকার দেশের গনমাধ্যমের ওপরে কঠোর আঘাত হানে। এই কলঙ্ক থেকে আওয়ামী লীগ কখনোই মুক্ত হতে পারবে না”, যোগ করেন তিনি। তিনি বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, “সমালোচনা সহ্যের ক্ষমতা ফ্যাসিবাদীদের থাকে না। আওয়ামী লীগের মধ্যে এখনো এক দলীয় শাসনের ধ্যান-ধারণা রয়ে গেছে। এ কারণেই বারবার সংবাদপত্রের ওপরে আঘাত আসছে।” বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের ওপরে নির্যাতনের কঠোর সমালোচনা করেন তিনি। বরাবরের মতোই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবি জোড়ালো ভাবে উপস্থাপন করে তিনি বলেন,“নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।” “সরকার যদি গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীলই হয়ে থাকবেন তাহলে ঢাকা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জেলায় স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ করে রেখেছেন কেন” যোগ করেন বিএনপির এ নেতা। বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ ও মানবাধিকার হরণ, আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এএইচএম হামিদুর রহমান আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুলল্লাহ, দৈনিক শিকলের প্রধান সম্পাদক মো. শাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬৫৪ ঘ.