কুমিল্লা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় কারাভোগের পর কুমিল্লা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।
কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় ফুল দিয়ে গয়েশ্বকে স্বাগত জানান।
আগের রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আ স ম হান্নান শাহ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কাশিমপুর কারাগার থেকে এবং আমানউল্লাহ আমান এবং এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এছাড়া বারডেম হাসপাতালে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা ও রুহুল কবির রিজভীকেও রাতে মুক্ত করে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মাহবুবুল ইসলাম।
তবে রাতে কারামুক্তির পরক্ষণেই গ্রেপ্তার করা হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন-নবী খান সোহেলসহ চারজনকে।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলসহ বিরোধী নেতারা গত ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, গাড়ি পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে।
এই ঘটনায় ওই রাতেই দ্রুতবিচার আইনে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা হয়। কয়েকদিনের মধ্যেই দুই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
একটি মামলায় আগে এবং অন্যটিতে গত সপ্তাহে উচ্চ আদালত থেকে ফখরুলরা জামিন পেলেও ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ থাকায় বিলম্বে মুক্তি পেলেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার বিচারিক আদালত প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করে তাদের জামিন মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫০ ঘ.
bdnews24