ফখরুলসহ শীর্ষনেতারা কারামুক্ত
মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমানসহ নয় জন।
ঢাকা/গাজীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক মাস কারাভোগের পর ছাড়া পেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষনেতারা।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আ স ম হান্নান শাহ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন।
রাত সাড়ে ৯টার দিকে বেরিয়ে আসেন ফখরুল ও দুলু। তার এক ঘণ্টা পর কারাগার থেকে ছাড়া পান খন্দকার মোশাররফ ও হান্নান শাহ। সোয়া ১১টার দিকে বেরিয়ে আসেন রতন।
কাশিমপুর- ১ কারাগারের সুপার জাহাঙ্গীর কবীর ও কাশিমপুর-২ কারাগারের সুপার মো. ফরমান আলী সাংবাদিকদের বলেন, “আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে তাদের জামিনের কাগজপত্র যাচাই করে মুক্তি দেওয়া হয়েছে।”
এদিকে একই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান আমানউল্লাহ আমান এবং এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
এছাড়া বারডেম হাসপাতালে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা ও রুহুল কবির রিজভীকেও মুক্ত করে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মাহবুবুল ইসলাম।
কারামুক্ত বিএনপি নেতাদের শুভেচ্ছা জানাতে কাশিমপুর কারাগারের ফটকে ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। নেতারা বেরিয়ে আসার পর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
হরতালের মামলায় ফখরুলসহ বিরোধী নেতারা গত ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগার থেকে বেরিয়ে ফখরুল সাংবাদিকদের বলেন, “সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। হত্যা-গুম-নির্যাতন চালিয়ে তারা আন্দোলনকে স্তিমিত করতে চায়, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু জনগণ তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।”
“সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার আন্দোলন চলবে। আমরা এতে সক্রিয়ভাবে অংশ নেব,” বলেন তিনি।
মুক্তি পাওয়ার পর ফখরুলসহ বিএনপি নেতারা গুলশানের বাসায় গিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
ফখরুলদের সঙ্গে একই মামলার আসামি মির্জা আব্বাস, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম এবং জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান এই সপ্তাহে মুক্তি পান।
তারও আগে মুক্তি পান পাঁচ সংসদ সদস্য বিএনপির এম কে আনোয়ার, মাহবুবউদ্দিন খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির আন্দালিব রহমান পার্থ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, গাড়ি পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে।
এই ঘটনায় ওই রাতেই দ্রুতবিচার আইনে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা হয়। কয়েকদিনের মধ্যেই দুই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
একটি মামলায় আগে এবং অন্যটিতে গত সপ্তাহে উচ্চ আদালত থেকে ফখরুলরা জামিন পেলেও ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ থাকায় সাত দিন বিলম্বে মুক্তি পেলেন বিএনপি নেতারা।
সকালে বিচারিক আদালত প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করে তাদের জামিন মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/কেটি/এলএইচ/এএইচ/এমআই/২৩০৪ ঘ.
