ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা বলেন শেখ হাসিনা।
ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী দলের ডাকা হরতাল চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় আগে থেকেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে হরতালের নামে রাস্তায় নেমে কেউ যাতে গাড়ি পোড়াতে বা ভাঙচুর করতে না পারে, সেজন্য পুলিশি ব্যবস্থা জোরদার করাসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
“এ জাতীয় অপরাধ যারা করছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে,” যোগ করেন সরকার প্রধান।
খাদ্য পরিস্থিতি
সামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০৮-০৯ অর্থ বছরে ৩ কোটি ২২ লাখ মেট্রিক টন, ২০০৯-১০ অর্থ বছরে ৩ কোটি ৩২ লাখ মেট্রিক টন এবং ২০১০-১১ অর্থ বছরে ৩ কোটি ৪৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে।
“চাহিদার নিরিখে দেশ বর্তমানে চালের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যার ফলে চলতি বছর বিদেশ থেকে কোনো চাল আমদানি করা হচ্ছে না,” বলেন তিনি।
স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং সরবরাহ অবাধ রাখতে সরকার সচেষ্ট রয়েছে।
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে নেওয়া সকারি পদক্ষেপগুলোও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
টিসিবির কাছে ১০ হাজার ৭৮৮ মেট্রিক টন চিনির মজুদ রয়েছে এবং ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী ৩০ জুন এই চিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।
৪৩ লাখ ৭১ হাজার ৯৬৬ লিটার ভোজ্যতেল টিসিবি’র মজুদে রয়েছে। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে তেল সরবরাহের চুক্তি হয়েছে। এ সরবরাহ সম্পন্ন হলে ৬৮ লাখ ৪৭ হাজার ৮২৪ লিটার ভোজ্য তেল পাওয়া যাবে।
টিসিবি’র কাছে ১ হাজার ৩১৯ মেট্রিক টন মশুর ডাল মজুদ রয়েছে। ৩ হাজার মেট্রিক টন মশুর ডাল সরবরাহের জন্য চুক্তি হয়েছে। আরো ৮ হাজার মেট্রিক টন মশুর ডাল সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
৫ হাজার মেট্রিক টন ছোলা এবং ১ হাজার মেট্রিক টন খেজুর সংগ্রহের কাজ চলছে। এগুলো রোজার আগেই পাওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯২৯ ঘ.
bdnews24