ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঠফাটা গরম, এর মধ্যেই হাজার হাজার মানুষের সমাবেশ। আর এতেই হাসিমুখ ফুটপাতের সরবত আর আইসক্রিম বিক্রেতাদের।
প্রতিদিনের বেচাবিক্রির চেয়ে একটু বেশিই কুলফি নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মহাসমাবেশে এসেছিলেন কুষ্টিয়ার মহিদুল ইসলাম।
সোমবার বিকালে নয়া পল্টনে সমাবেশ এলাকায় ঘুরে ঘুরে কুলফি বিক্রি করছিলেন মহিদুল। ৫, ১০ এবং ১৫ টাকার এসব কুলফির ক্রেতা ছিল ১৮ দলীয় জোটের সমাবেশে যোগ দিতে আসা বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
মহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনের মতোই প্রায় ১৫ টাকার কুলফি নিয়ে বের হয়েছিলাম। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয়ে যায়।”
প্রায় একই রকম উচ্ছ্বাসের ভঙ্গিতে কথা বলছিলেন আইসক্রিম বিক্রেতা মো. তমিজ উদ্দিন। তিনি বলেন, “আজ বিক্রি খুবই ভালো। দেড়টায় সময়ে এখানে এসেছি, ২ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ৩ হাজার টাকার বেশি বিক্রি হয়েছে।”
“বিএনপিতে টাকাওয়ালা লোক বেশি হওয়ায় তাদের সমাবেশে সবসময়ই বিক্রি কিছুটা বেশি হয়,” বলেন তমিজ।
সমাবেশে পানীয়ের চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগ বুঝে ডাবের দামও বাড়িয়ে দেন বিক্রেতারা।
সমাবেশে ঢুকতেই কথা হয় ডাব বিক্রেতা মো. সিরাজের সাথে। তিনি বলেন, “১শ পিস ডাব নিয়ে এসেছিলাম। অন্যান্য দিনের চেয়ে আজ বেশি দামে কেনা পড়ায় বিক্রির দামও বেশি।”
অন্যান্য দিন প্রতিটি ডাব ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করলেও সোমবার তা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করেছেন বলে জানান সিরাজ।
তবে সব কিছু ছাপিয়ে চাহিদার শীর্ষে ছিল লেবুর শরবতের। সমাবেশে বিক্রিতে বেশ সন্তুষ্ট মনে হল শরবত বিক্রেতা আব্দুল খালেককে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশের কথা আগে থেকে জানতাম, তাই বেশি করে মাল (লেবু) নিয়ে এসেছি। অন্যান্য দিনের চেয়ে বিক্রি অনেক ভালো। দিন শেষে আশা করি দুই হাজার টাকা লাভ থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএসটি/এমআই/২০২৫ ঘ.
bdnews24