ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার পুনর্বহালে সরকারকে আরো সময় দিয়ে ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় এই ঘোষণা দেন তিনি। কঠোর কর্মসূচি না দিলেও জুন ও জুলাই মাসজুড়ে বিভিন্ন বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেছেন, রোজা ও ঈদের কারণে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত কঠোর কর্মসূচি দিচ্ছেন না তারা। তবে দাবি পূরণ না হলে ঈদের পর হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে গত ১২ মার্চ নয়া পল্টনের মহাসমাবেশ থেকে সরকারকে তিন মাস সময় বেঁধে দেন বিএনপি চেয়ারপারসন। তা না হলে ১১ জুন পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা সেদিন বলেছিলেন তিনি।
বিএনপির দাবি পূরণ না হওয়ার মধ্যে সোমবার পুনরায় জনসভা করে সরকারকে আরো সময় দিলেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, “সরকারকে বলতে চাই, নির্দলীয় সরকারে দাবি মেনে নিন। এ সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান করুন। আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। নইলে ঈদের পর হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগরের সভাপতি সাদেক হোসেন খোকাসহ বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে কারাগারে রেখে এই জনসভা হয়। হরতালের একটি মামলায় তারা কারাবন্দি।
জনসভায় যে কয়েকটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়, তা হলো- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আটক নেতাদের মুক্তির দাবিতে ১৭ জুন, গণবিরোধী বাজেটের প্রতিবাদে ২৪ জুন, নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান, সাংবাদিক সাগর-রুনি ও সৌদি কূটনীতিক খুনের বিচার দাবিতে ১ জুলাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার-কীটনাশকসহ কৃষি উপকরণ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদের ১৫ জুলাই সারা দেশে সমাবেশ।
এছাড়া দুর্নীতি, গ্যাস-বিদ্যুৎ-পানি-যানজট সমস্যার প্রতিবাদে ৮ জুলাই দেশের সব মহানগর ও জেলা সদরে সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯২০ ঘ.
bdnews24